মৌলভীবাজারে ঝরল একই পরিবারের তিনজনের প্রাণ
মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার আছুরিঘাট এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জুড়ী উপজেলার কুচাই ফাঁড়ি চা-বাগানের বাসিন্দা দীনবন্ধু মুন্ডা ও তার ছেলে পূজন মুন্ডা এবং দীনবন্ধুর বড় ভাই রবীন্দ্র মুন্ডা। আহতরা হলেন, দীনবন্ধুর স্ত্রী কবিতা মুন্ডা, আরেক বড় ভাই গোপাল মুন্ডা ও অটোরিকশাচালক আমির উদ্দিন।
নিহতদের স্বজনরা জানান, শ্রীমঙ্গলে আত্মীয়ের বাড়ি থেকে ওই পরিবারের সদস্যরা বিকেলে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পূজন মুন্ডা নিহত হন। আহতদের মধ্যে দুইজন মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহত বাকি তিনজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাকির হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই পূজন মুন্ডা মারা গেছে। মৌলভীবাজারের সদর হাসপাতালে নেয়ার পথে রবীন্দ্র মুন্ডা এবং সিলেটে নেয়ার পথে দীনবন্ধু মুন্ডা মারা যান।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। অপর দুইজন সিলেট এবং মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর লাশগুলো হস্তান্তর করা হবে। কাভার্ডভ্যানচালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।