ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ৩ জনের প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ২০ এপ্রিল ২০২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঝরল ৩ জনের প্রাণ
ফাইল ছবি

চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার বিকেলে ও রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এবং মনসা বাদামতল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরো চারজন।

Advertisement

নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব ও কক্সবাজারের রামু উপজেলার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম।

আহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের রাকিব হোসেন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শিহাব ও চকরিয়ার অটোরিকশাচালক লিটন।

অন্যদিকে, একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের মনসা বাদামতল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় বাসটির হেলপার মোহাম্মদ রফিক লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান। নিহত রফিকের বাড়ি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে ও রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। আহত হন আরো চারজন। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!