ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৫, ৪ জুন ২০২৪
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাশেম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলার রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হাশেম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজের গাড়িচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের বিরোধ চলে আসছে।

Advertisement

গত ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এ বিষয়ে সোমবার সকালে স্থানীয়রা দুইপক্ষের মধ্যে মীমাংসা করেন। কিন্তু বিকেলে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোকজনের ওপর হামলা করেন। এ সময় জহিরুলের সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!