ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মার দুই কেজির এক ইলিশ রেকর্ড দামে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৪ জুন ২০২৪
পদ্মার দুই কেজির এক ইলিশ রেকর্ড দামে বিক্রি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ধরা পড়া দুই কেজি ওজনের একটি ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাছটি বিক্রি হয়েছে। ভোরে উপজেলার সীমান্তবর্তী বেতকা-রাখালগাছি এলাকায় কৃষ্ণ হালদারের জালে বড় পাঙাশের সঙ্গে মাছটি ধরা পড়ে। পরে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সাড়ে ৮ হাজার টাকায় ইলিশ এবং ১৯ হাজার টাকায় পাঙাশটি কেনেন।

দৌলতদিয়ার শাকিল-সোহান মৎস্য আড়তে দেখা যায়, ইলিশসহ কয়েকটি মাছ বিক্রির জন্য কর্কশিট ঝুড়িতে বরফজাত করে সাজিয়ে রাখা হয়েছে। মাপ দিয়ে দেখা যায়, বড় ইলিশটির ওজন ১ কেজি ৯৮০ গ্রাম। আর যে কয়েকটি ইলিশ ছিল, সেগুলোর ওজন এক কেজি থেকে দেড় কেজির মধ্যে। পাঙাশ মাছটির ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম।

Advertisement

শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাজাহান শেখ জানান, পদ্মা নদীর মাছের চাহিদা সব সময় বেশি থাকে। আর দুই কেজি ওজনের ইলিশ মাছ হলে তো কথাই নেই। দুই কেজি ওজনের ইলিশটি ৪ হাজার ২৬০ টাকা কেজি দরে ৮ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি। আর ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি কেনেন ১ হাজার ৩৮০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায়।

শাজাহান শেখ বলেন, বিভিন্ন স্থানে যোগাযোগ করি। দুপুরের দিকে ঢাকার লালমাটিয়া এলাকার এক ব্যবসায়ী ইলিশ ও পাঙাশ মাছটি কিনে নেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!