বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ভৈরব উপজেলার সাদেকপুর ইউপির ৬৩ নম্বর কেন্দ্র মৌটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ বাতিল করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরী।
জানা যায়, ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলমের লোকজন কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বই ও বাক্স ছিনতাই করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে ব্যালট বই ও বাক্স ফেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে। খবর পেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করেন।
.png)
প্রিজাইডিং অফিসার মো. এনামুল হক বলেন, ভোট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার বাড়ি ও কর্তাবাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তারা দুই পক্ষের লোকজন দুইটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। প্রশাসনের চেষ্টায় বাক্স উদ্ধার হলেও সিলগালা ভাঙা থাকায় বাক্স দুটি বাতিল করা হয়েছে। এখন ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জানান, দুই গ্রুপের সংঘর্ষে কে বা কারা দুইটি ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে যায়। ব্যালট বক্স ফেরত পেলেও বক্সের সীলগালা ভাঙা ছিল। তাই এই কেন্দ্রে নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ৩ টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। শেষ হয় বিকেল ৪টায়।