নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল তিনজনের
বজ্রপাতে নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় এক গৃহিণীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার (৭ জুন) বিকেলে পৃথক সময়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মান্দা উপজেলার ভোলাম গ্রামে কৃষক ফহিম উদ্দিনের ছেলে কৃষক শামসুল আলম (৩৪) এবং পত্নীতলা উপজেলার নাগর গোলা গ্রামের কৃষক খাদেমুল (৫০) ও গাহন গ্রামে গৃহবধূ মনিকা (৩৫)।
মান্দা থানার ওসি কাজী মোজ্জামেল হক বলেন, বিকেল উপজেলার ভোলাম গ্রামে বাড়ির পাশে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার নাগরগোলা গ্রামে খাদেমুল ও গাহন গ্রামে গৃহবধূ মনিকা বজ্রপাতে মারা যান। ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যান খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। অপরদিকে, গৃহবধূ মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
অপরদিকে বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে উপজেলার গাবনা গ্রামের মাঠে গরু-ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হবিবুর রহমান নামের দুই ব্যক্তি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত ঘটলে গাছের ডাল পড়ে তারা দুইজন মারাত্মকভাবে আহত হন। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাদের দুটি ছাগল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।