ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ১১ জুন ২০২৪
মেহেরপুরে নবজাতকের মৃত্যু, ক্লিনিক মালিকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী করবী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ক্লিনিক মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্লিনিকে বিভিন্ন ত্রুটি থাকায় মালিক জাহিদুল ইসলাম ওরফে বিদ্যুতকে জেল ও জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার কল্যাপুর গ্রামের কালিতলা পাড়ার পিংকু হোসেনের স্ত্রী রিভা খাতুনের প্রসবব্যথা ওঠে। এ সময় তার পরিবারের লোকজন উপজেলার বামন্দী করবি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার ভোরে ভর্তি করেন। এ সময় ওই ক্লিনিকে ডাক্তার ছিলেন না।

Advertisement

ডাক্তার আসবে বলে আশ্বাস দিয়ে ক্লিনিক মালিক ওই রোগীকে প্রায় ছয় ঘণ্টা ভর্তি রাখেন। পরে ওইদিন দুপুর দেড়টার দিকে সিজারিয়ান অপারেশন করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার বিডি দাস।

সিজারিয়ান অপারেশন করার পর পরিবারের সদস্যরা জানতে পারেন নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মৃত্যুর পর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বিদ্যুত তড়িঘড়ি করে রোগী ও নবজাতককে ক্লিনিক থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে রোগীর স্বজনরা জোরপূর্বক অবস্থান নেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাংনী উপজেলা সরকারি কমিশনার ভূমি নাদির হোসেন শামীম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু-প্রভা রানী।

এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার বিডি দাসের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু-প্রভা রানী জানান, ডাক্তার আসার অজুহাতে সিজারিয়ান রোগীকে প্রায় ছয় ঘণ্টা হাসপাতালে রাখার অভিযোগের সত্যতা পেয়েছি। হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকার সত্যতাও স্বীকার করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম জানান, ৬ ঘণ্টা রোগীকে আটকে রেখে তারপর সিজারিয়ান অপারেশনে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে করবি বামন্দী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম বিদ্যুতকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২১ সালে ১৮ মে সিঁড়ি দিয়ে নামার সময় করবি ক্লিনিকের মালিক জাহিদুল ইসলাম বিদ্যুত এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। ওই নারী বারবার অনুরোধ করার পরও ছেড়ে না দিলে তার ১৫ বছরের ছেলে ঘটনাটি দেখে ফেলে। পরদিন বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন স্থানে তদবির করার পর দুই লাখ টাকার বিনিময়ে সমাধান হয়। একটি লিখিত স্ট্যাম্পে ওই মহিলার স্বাক্ষর নেয়ার পর রফাদফা করা হয়। এছাড়াও জাহিদুল ইসলাম বিদ্যুতের বিরুদ্ধে ক্রেডিট এন্ড কো অপারেটিভ জালিয়াতি ও জেল হাজতবাসের অভিযোগও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!