ব্যাংক লুটের রাতে বন্ধ ছিল ‘এলার্মিং সিস্টেম’
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের যে উপশাখা থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে সেখানে এলার্মিং সিস্টেমও গতকাল বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম।
এদিকে, নৈশপ্রহরী ও প্রয়োজনীয় কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ব্যাংকের ওই উপশাখা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
এর আগে, বুধবার রাতে বগুড়ার মাটিডালিতে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) স্নিগ্ধ আখতার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম বলেন, ব্যাংকটির এই শাখা গত তিন বছর ধরে এই মার্কেটে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই শাখার নিরাপত্তাব্যবস্থা তেমন জোরদার ছিল না। রাতের বেলা কোনো গার্ড থাকতো না। আজ সকালে এসে জানতে পারি রাতে নাকি ব্যাংকে চুরি হয়েছে। আরও যেটা জানতে পারলাম তাদের যে এলার্মিং সিস্টেম সেটিও নাকি গতকাল বন্ধ ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা চুরি হয়েছে।