গোয়ালঘরে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৪৮ ভরি স্বর্ণ
মানিকগঞ্জের সিংগাইরে জামশা এলাকায় স্বর্ণ ডাকাতির ঘটনায় ৪৮ ভরি সোনাসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। বুধবার তাদেরকে মুন্সীগঞ্জ ও রাজবাড়ী জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর জেলার রঘুনন্দনপুর গ্রামের সিদ্দিক শেখ ও রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের শাহ আলম মিয়া।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।
.png)
পুলিশ সুপার জানান, পহেলা জুন সিংগাইর উপজেলার জামশা এলাকায় দোহারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হাওলাদারের সিএনজি থামিয়ে র্যাব পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত ৯৫ ভরি স্বর্ণ লুট করে পালিয়ে যাচ্ছিল। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওইদিনই ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আসামি সিদ্দিক শেখ গ্রেফতার করা হয়। পরে সিদ্দিক শেখের কাছ থেকে তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অপর ডাকাত সদস্য শাহ আলম মিয়াকে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় গোয়াল ঘরের মাটি খুঁড়ে লুট হওয়া ৪৮ ভরি সোনা জব্দ করা হয়।
সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতার দুই আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি ও স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, ইমতিয়াজ মাহবুব, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম প্রমুখ।