‘বিমা করা আছে’ বলে ব্যাংকে ছিল না নৈশপ্রহরী-সিসি ক্যামেরা
আইএফআইসি ব্যাংকের বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড়ের উপশাখার সিন্দুক থেকে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে। গতকাল বুধবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, সেই শাখায় কোনো নৈশপ্রহরী ছিলেন না।
চুরির বিষয়টি নিশ্চিত করে ওই শাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ বলেন, বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে। এই শাখায় চারজন কর্মকর্তা-কর্মচারী কর্মরত। এখানে নৈশপ্রহরী নেই। ব্যাংকে কোনো সিসি ক্যামেরাও নেই।
উপশাখাটি বিমা করা জানিয়ে ম্যানেজার বলেন, উপশাখাটি বিমাকৃত। কোনো টাকা খোয়া গেলে বিমা কোম্পানি সমুদয় টাকা পরিশোধ করবে। এ কারণে নৈশ প্রহরী রাখার বিষয়ে গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ।
ফাহমিদা ফিরোজ আরো বলেন এই উপশাখায় ৪৭ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছিল। পূর্বে কখনো সমস্যা হয়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মিরাজুল ইসলাম বলেন, তিন বছর ধরে এখানে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। দুঃখের বিষয় হলো, এই শাখার নিরাপত্তা ব্যবস্থা তেমন জোরদার ছিল না।
তিনি বলেন, রাতে কোনো নিরাপত্তা প্রহরীও থাকত না। সকালে গিয়ে জানতে পারি, রাতে নাকি ব্যাংকে চুরি হয়েছে। এছাড়া ব্যাংকটির যে এলার্মিং সিস্টেম আছে, সেটিও নাকি রাতে বন্ধ ছিল।
সরেজমিনে দেখা গেছে, মাটিডালি বিমান মোড়ে একটি ভবনের দোতলায় ব্যাংকটির উপশাখার কার্যক্রম চলে। ওই ভবনের সিঁড়ি ঘরের তালা এবং ব্যাংকের দরজার তালা ভাঙা পাওয়া গেছে। ব্যাংকের সিন্দুকের তালাও ভাঙা দেখেছেন ব্যাংক কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, ব্যাংকের ভেতরের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যাংকটির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের শাখায় গচ্ছিত ২৯ লাখ টাকা খোয়া গেছে।
তিনি আরো জানান, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই তারা করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত ছয়বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই।