নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ ছেলে।
সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেফতার করতে অভিযানের সময় আসামি সরস্বতী নদীতে ঝাঁপ দেন। এ সময় এসআই রেজাউল ইসলাম নদীতে ঝাঁপ দেন। কিন্তু আসামি নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝ খানে তলিয়ে যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিকেলে পাঠায়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হন রেজাউল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে।