ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামক স্থানে বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহজালাল পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।
বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন দুর্ঘটনা কবলিত শাহজালাল পরিবহনের চালক চুন্নু সরদার (৬০)। তিনি মাদারিপুরের জনৈক নূর মোহাম্মদের ছেলে। তাৎক্ষণিকভাবে অন্যান্য হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
.png)
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান নামে স্থানীয় একজন সাংবাদিক জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসির পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে ওই স্থানে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন। তারা সবাই শাহজালাল পরিবহনের যাত্রী। এছাড়া আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. নোমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ করছি। এছাড়া ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।