শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিহাজ জুট মিল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আখক্ষেতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোটরসাইকেল চালক মো. কাউসার শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মো. জলিল শেখের ছেলে।
.png)
ভুক্তভোগী ওই নারী জানান, তার বাবার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়। শুক্রবার বিকেলে তিনি বাবার বাড়ি থেকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে স্বামীর বাড়িতে ফিরছিলেন। বিকেল ৩টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ওই যুবকের মোটরসাইকেল ভাড়া করে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হন।
বিকেল পৌনে ৪টার দিকে ওই যুবক হঠাৎ করেই মোটরসাইকেল মহাসড়কের পাশে নির্জন আখক্ষেতের কাছে নিয়ে যান। সেখানে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে টানতে টানতে আখক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে পাশের পুকুরে হাঁস আনতে যাওয়া এক নারী গিয়ে এ দৃশ্য দেখে রাস্তায় গিয়ে কয়েকজন পথচারী যুবককে ডেকে নিয়ে আসেন। যুবকদের দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান চালক।
প্রত্যক্ষদর্শী ওই নারী বলেন, আমি আখক্ষেতের পাশে পুকুরে হাঁস আনতে গিয়েছিলাম। হঠাৎ নারীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি একটি ছেলে আখক্ষেতের মধ্যে ওই নারীর সঙ্গে ধস্তাধস্তি করছেন। এ সময় রাস্তায় গিয়ে কয়েকজন পথচারী যুবককে ডেকে আনি। যুবকদের দেখে মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায় ওই চালক।
রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।