ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৩০ জুলাই ২০২৪
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সাড়ে তিনশ স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাকশি ডিভিশন লেভেল থেকে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে পার্বতীপুর যাওয়ার পথে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গোবিন্দপুর এলাকার মাঠের মধ্যে এ দুর্ঘটনা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। এছাড়া ঘটনাস্থলে বর্ডার গার্ড (বিজিবি) ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি প্রহরায় খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে সকালে পার্বতীপুর উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে উপজেলার গোবিন্দপুর এলাকায় পৌঁছালে তেলবোঝাই ট্যাংকের জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়।

Advertisement

চুয়াডাঙ্গা উপসহকারী প্রকৌশলী (পথ) শ্যামল কুমার দত্ত জানান, তেলবাহী ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় সাড়ে তিনশতাধিক স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না।

সহকারী নির্বাহী প্রকৌশলী লাল চাঁদ মিয়া বলেন, তেলবাহী গাড়ি লাইনচ্যুত হওয়ায় পশ্চিম রেলের সহকারী পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে। দুপুর ২টার দিকে উদ্ধারকাজ শুরু করেছে রিলিফ ট্রেন। উদ্ধার কাজ বিকেল ৫টার মধ্যে শেষ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!