ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১ আগস্ট ২০২৪
প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদরাসাছাত্রী
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক মাদরাসা শিক্ষার্থীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবর পেয়ে সেখানে হানা দেয় উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন কনে ও বর পক্ষের লোকজন। পরে জাফরুল নামে কনে পক্ষের একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘাগড়া গ্রামের এক প্রবাসীর কন্যা স্থানীয় মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া (১৪) এক ছাত্রীর সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির বিয়ে ঠিক হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কৌশলে কনে ও বর পক্ষের লোকজন সরে পড়েন। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা জাফরুল নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কনেপক্ষের লোক হিসেবে জানা গেছে।

Advertisement

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় কনে ও বরসহ তাদের পরিবারের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে কনেপক্ষের লোক হিসেবে এক ব্যক্তিকে বাল্য বিবাহ নিরোধ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!