ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ৭ আগস্ট ২০২৪
কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬
কাশিমপুর কারাগারের সামনে স্বজনদের ভিড় -ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বিক্ষোভের সময় কারারক্ষীদের জিম্মি করে ২০৯ জন বন্দি পালিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই বন্দি পালানো ঠেকাতে গুলি ছুড়েছেন কারারক্ষীরা। এতে ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন জঙ্গি রয়েছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে কিছু বন্দী কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। বেলা দেড়টার দিকে সেনাসদস্যরা কারাগারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভের খবর পেয়ে ফটকে অবস্থান নেন বন্দিদের স্বজনরা। একপর্যায়ে কারাগারের বাইরে একটি ঝুটের গুদামে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরে সেনাসদস্যরা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালা বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে কারাগারে জঙ্গি ও কিছু সাধারণ বন্দিরা মুক্তির দাবিতে বিক্ষোভ ও বিদ্রোহ শুরু করেন। এ সময় অনেক বন্দি ভেতরে থাকা মই ব্যবহার করে ও দেয়াল ভেঙে যে যেভাবে পেরেছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন। খবর দেওয়া হলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে সেনাবাহিনীর কয়েকটি দল কারাগারে পৌঁছায়। পরে কারারক্ষীরা নিরাপত্তার স্বার্থে গুলি ছোড়েন। গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া ২০৯ জন বন্দি পালিয়ে গেছেন।

Advertisement

নিহতদের লাশ রাতে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ছয়জন হলেন, হত্যা মামলার আসামি মৌলভীবাজারের রামেশ্বপুরের মকবুল মিয়ার ছেলে ইমতিয়াজ পাভেল (২৪), ছিনতাই মামলার আসামি টাঙ্গাইলের তারটিয়া এলাকার রাজ্জাক শেখের ছেলে স্বপন শেখ (৪০) ও সুনামগঞ্জের জলোশা এলাকার সিরাজুল ইসলামের ছেলে আয়াতুল্লাহ (৩৯)। হলি আর্টিজানে জঙ্গি হামলার মামলার আসামি নরসিংদীর নলভাটা এলাকার জাকির হোসেনের ছেলে মো. জিন্নাহ (২৮) ও নওগাঁর কাঞ্চনপুর এলাকার আবদুস সালামের ছেলে আসলাম হোসেন মোহন। অন্যজন হলেন, হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আফজাল হোসেন (৬৩)।

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার সকাল থেকে কাশিমপুর কারাগারে অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!