ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, আহত ১৬

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ৮ আগস্ট ২০২৪
গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, আহত ১৬
গাজীপুর জেলা কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারের বিদ্রোহ করেছেন বন্দিরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা বিদ্রোহ শুরু করেন। এ সময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে ১৩ জন বন্দি, তিনজন কারারক্ষীসহ ১৬ আহত হয়েছেন।

জানা যায়, সকাল ১০টার দিকে কারাগারের ভেতরের থাকা বন্দিরা আন্দোলন শুরু করেন। পরে বন্দিদের পালিয়ে যাওয়া ঠেকাতে কারারক্ষীরা গুলি করতে থাকেন। তবে, এ বিষয়ে দায়িত্বশীল কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দির বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দিরা পান।

Advertisement

এদিকে, ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা বন্দিরাও মুক্তির দাবিতে সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ভেতরে এখন সেনাবাহিনী রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের ওই সূত্র জানিয়েছে।

গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, প্রথমে সব শান্ত ছিল। পরে বন্দিরা বিদ্রোহ শুরু করেন। তখন রাবার বুলেট ছুঁড়লে ৫-৬ জন অজ্ঞান হন। তবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের জ্ঞান ফিরেছে। অনেকের শরীর রাবার বুলেটের আঘাত ছিল, ড্রেসিং করে দিয়েছি। এ পর্যন্ত ১৩ জন বন্দি ও তিনজন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!