ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে দুই থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ৯ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে দুই থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। গত দুইদিনে তিনটি শটগান, ২টি রাইফেল, একটি পিস্তল ও প্রায় তিনশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান ও রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন।

জানা গেছে, এর আগে, গত ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা রামগঞ্জ ও রায়পুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। এ সময় থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা। থানায় থাকা কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Advertisement

লুট হওয়া অস্ত্রের মধ্যে থেকে শুক্রবার সকালে থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবারও একটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে সেনাবাহিনীর নিরাপত্তায় জেলার ৬টি থানায় ফিরতে শুরু করেছে পুলিশ। যদিও এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি।

রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালাচ্ছি। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল, রাইফেলের দুটি মাথা ও প্রায় দুইশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হোসেন বলেন, বিকেল ৪টায় থানায় এসে একটি অস্ত্র (শটগান) ও রাত ১১টায় সরকারি মাচ্চেন্টস একাডেমির সামনে আরেক ব্যক্তি গুলিসহ একটি রাইফেল উদ্ধার করে জমা দিয়েছেন। দুটি অস্ত্র ইউএনও ইমরান খানের নির্দেশনায় সেনাবাহিনীর অফিসারের কাছে জমা দেওয়া হয়। বাকি অস্ত্রগুলো ফেরত পাওয়া গেলে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!