জানা যায়, পলিথিনের অবাধ ব্যবহার বন্ধের মাধ্যমে কৃষি আর পরিবেশ রক্ষায় ২০০২ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন সংশোধন করা হয়। ২০০২ সালের ৯ নম্বর আইনটির সংশোধনী জাতীয় সংসদে পাস করার মধ্য দিয়ে পলিথিন শপিং ব্যাগ বা পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি কোনো সামগ্রী, আমদানি, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শন এবং মজুত-বিতরণ নিষিদ্ধ হয়। অথচ এ আইন লঙ্ঘন করেই প্রশাসনের নাকের ডগায় বাজারগুলোয় দেদারছে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ।
হাটবাজারে সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের অধিকাংশ মানুষের হাতেই পলিথিন ব্যাগ। তাই সবজি, মাছ, মাংস, ডাল যা-ই কিনছেন, তার জন্য নিতে হচ্ছে আলাদা আলাদা পলিথিন ব্যাগ। শক্ত ও মজবুত পলিথিন ব্যাগে ১০ কেজি পর্যন্ত মালামাল বহন করা যায়। বাজারে পণ্য কিনলেই তা বহনের জন্য বিক্রেতারা পলিথিন ব্যাগ দিয়ে দেন। এ কারণে ক্রেতারা ব্যাগ আনেন না। আবার অনেকেই ব্যাগ না দিলে পণ্য কিনতে চান না, এমন অভিযোগ বিক্রেতাদের।
.png)
জেলার গাংনী, বামন্দী ও হেমায়েতপুরসহ কয়েকটি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, পলিথিন ব্যাগ তৈরি হয় খোদ রাজধানীতে। সেখান থেকে হাতবদল হয়ে প্রতিটি জেলা ও উপজেলায় ডিলারদের কাছে চলে আসে। সেখান থেকে সপ্তাহের যেকোনো একদিন কয়েকজন খুচরা বিক্রেতা এসে তাদের পলিথিন ব্যাগ দিয়ে যান। দোকানে দোকানে ঘুরে বিক্রি করেন এসব পলিথিন ব্যাগ। ব্যবসায়ীদের মতে, গাংনী উপজেলায় প্রতি সপ্তাহে অন্তত ১০ হাজার পলিথিন বিক্রি হয়।

উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের সবজি ক্রেতা কিবরিয়া জানান, এখন আর বাজার করতে গেলে ব্যাগ কেনা লাগে না। কিছু কেনার সময় বিক্রেতারাই পলিথিন ব্যাগে ভরে দেয়। আবার অনেক মুদি দোকানি বিভিন্ন মালামাল আধা কেজি, এক কেজি বা দুই কেজি করে মেপে পলিথিন ব্যাগে রেখে দেন বিক্রির সুবিধার্থে। ফলে মোড়ক বা পাটের তৈরি কোনো ব্যাগই বাজারে নেই। পলিথিনের সহজলভ্যতার কারণে এর ব্যবহারও বেড়েছে।
গাংনী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হারুন অর রশীদ রবি জানান, নিষিদ্ধ এই পলিথিন একই সঙ্গে কৃষিজমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে। এটি একটি অপচনশীল প্লাস্টিকজাতীয় পদার্থ, যা দীর্ঘদিন পর্যন্ত অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি ও পানি দূষিত করে। এতে মাটির উর্বরতা শক্তি ও গুণ নষ্ট হয়ে ফলন কমে যায়। এর বাইরে যত্রতত্র পলিথিন পড়ে থাকা, আগুনে পোড়ালে বাতাস দূষিত করা এবং পয়োনিষ্কাশনে বাধা তৈরিসহ নানাভাবে পরিবেশকে দূষিত করে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এর উৎপাদন ও ব্যবহারে লাগাম টেনে ধরেছিল সরকার। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই আইনটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাছেই গুরুত্বহীন হয়ে পড়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ক্ষতিকর পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।