ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত বেড়ে ৫

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২২ আগস্ট ২০২৪
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত বেড়ে ৫
নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) এবং আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। নিহতরা স্থানীয় সাহেব বাড়ি পক্ষের লোকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ। 

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় দুপুর পৌনে ২টা পর্যন্ত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকতে দেখা গেছে। একজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। রায়পুরা থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লের বাড়ির হানিফ মাস্টার ও সায়দাবাদ বালুচর সাহেব বাড়ির নোয়াব মিয়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত ১০টা থেকে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হন। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রঞ্জন কুমার বর্মণ বলেন, টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত ১৯ জন এখানে চিকিৎসা নিয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!