ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাজেকে আটকা ২৬০ পর্যটককে উদ্ধার 

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৪ আগস্ট ২০২৪
সাজেকে আটকা ২৬০ পর্যটককে উদ্ধার 
আটকাপড়া ২৬০ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক। কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ আবার বন্ধুদের নিয়ে প্রশান্তির আশায় ঘুরতে গিয়েছিলেন সেখানে। কিন্তু হঠাৎ অতিবৃষ্টি আর আকস্মিক বন্যায় আটকা পড়েন তারা। বিপদে পড়া মানুষদের নিয়ে দুশ্চিন্তা শুরু হয় স্বজনদের মাঝেও। এমন পরিস্থিতিতে শনিবার (২৪ আগস্ট) সাজেকে আটকাপড়া এমন ২৬০ জন পর্যটককে উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিন সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতিবৃষ্টির কারণে বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এছাড়া ২২ আগস্ট বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমিধস ঘটায় সাজেক চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। যে কারণে ২১-২২ আগস্ট সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন। 

Advertisement

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকাপড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকাপড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করে বলেও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!