শনিবার (২৪ আগস্ট) রাতে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ফাহিম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া গ্রামের মাসুমের ছেলে। তিনি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিলেন ফাহিম। শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে বের হন তিনি। বিকেলে তাকে ওই রেললাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা।
.png)
সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সাজিদ হাসানের নেতৃত্বে ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের চাচা জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল ফাহিম। কয়েকমাস আগে বাড়ি থেকে নিখোঁজ হলে প্রায় ২৫দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পার্বতীপুর রেল থানার ওসি সাকিউল আযম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।