বৃহস্পতিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত শুকানী বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদিগছ এলাকা থেকে তাদের আটক করে৷
আটককৃতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি বিষ্ণপুর গ্রামের মোদন দাশের ছেলে সুশীল দাস (৩৯), তার স্ত্রী পাতলি রানী দাস (৩৫), মেয়ে সুবর্ণা দাস (১৪), ছেলে প্রান্ত দাস (১০), তার ছোট ভাই রমেশ দাস (৩৮), তার স্ত্রী আরতী দাস (৩৪) ও তাদের ছেলে পল্লব দাস (১২), তাদের আরেক ভাতিজা পরিমল দাস (২৮) ও তেঁতুলিয়া উপজেলার গোলাপদিগছ গ্রামের চোরাকারবারির সঙ্গে জড়িত সাইদুল (হনু)।
.png)
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, খানসামার ওই দুটি পরিবার ভারতে অনুপ্রবেশ করার জন্য বাসযোগে তেঁতুলিয়ার সীমান্তবর্তী সুকানী এলাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন৷ এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা অভিযান চালিয়ে গোলাপদিগছ এলাকায় তাদেরকে আটক করে৷ তাদেরকে বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা।
নীলফামারী ৫৬ বিজিবি শুকানী বিওপির ল্যান্স নায়েক শওকত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিওপির ৬ সদস্যের একটি দল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদিগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে। পরে স্থানীয় একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়। আটক ৯ জনের মধ্যে একজন দালাল রয়েছে।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় জানান, বিজিবি সদস্যরা ৯ জনকে থানায় আটক করে নিয়ে আসে। আটককৃতদের পরিবারের লোকজন থানায় এসেছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।