ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাপলা তুলতে ডোবায় নেমে প্রাণ হারালো ২ শিক্ষার্থী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৩০ আগস্ট ২০২৪
শাপলা তুলতে ডোবায় নেমে প্রাণ হারালো ২ শিক্ষার্থী
ফাইল ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরতেরটেকিয়া মাধুয়া ডোবায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উপজেলার চরতেরটেকিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে আবদুল্লাহ (৯) এবং চরকাওনা মধ্যপাড়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে তামহীদ (১০)। তারা দুজন চরকাওনা রিয়াজুল জান্নাত হাফিজিয়া কওমি মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, শুক্রবার দুপুরে চরকাওনা স্কুল মাঠে ফুটবল খেলছিল ওই দুইজনসহ সমবয়সী আরো অনেকে। খেলা শেষে মাধুয়া ডোবায় যায় তারা। এ সময় ডোবা থেকে শাপলা ফুল তুলতে পানিতে নামে তিনজন। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় তারা। তা দেখে ডোবার পাড়ে থাকা অন্যরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের তিনজনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই তামহীদ মারা যায়। মুমূর্ষু অবস্থায় আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় তার।

চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পানিতে ডুবে দুই শিক্ষার্থী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, ঘটনায় একজনের মৃত্যুর খবর শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!