ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনের ছাদে উঠেন ৫ বন্ধু, ছিটকে পড়ে প্রাণ হারালেন রবি

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ৩০ আগস্ট ২০২৪
ট্রেনের ছাদে উঠেন ৫ বন্ধু, ছিটকে পড়ে প্রাণ হারালেন রবি
মো. রবিউল ইসলাম রবি। ছবি: সংগৃহীত

ফেনীর কালিদহ রেলওয়ে এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে মো. রবিউল ইসলাম রবি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবি কুমিল্লার কচুয়া এলাকার মো. দুলাল হোসেনের ছোট ছেলে। তিনি কুমিল্লার সুঁয়াগাজী এলাকায় একটি জাল ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শী ও বন্ধুদের সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশে কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রাম মেইল ট্রেনে উঠেন পাঁচ বন্ধু। সকাল সাড়ে ৮টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছালে অন্যদের দেখাদেখি পাঁচ বন্ধু ট্রেনের ছাদে উঠেন। ট্রেনটি কালিদহ এলাকা অতিক্রম করার সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন রবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহত রবির বন্ধু ফাহিম বলেন, আমরা পাঁচ বন্ধু চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণা দেখার জন্য ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-চট্টগ্রামগামী মেইল ট্রেনে প্রথমে ফেনী যান। ফেনী স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠি। ট্রেন চলা শুরু করলে কালিদহ এলাকা অতিক্রম করার সময় রবি ওঠে দাঁড়ায়। আমরা তাকে বসতে বলার আগেই গাছের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় রবি। পরে ট্রেন সীতাকুণ্ড গিয়ে থামলে আমরা ফেনী জেনারেল হাসপাতালে ছুটে আসি। এসে শুনি বন্ধু আর নেই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার মাথা, ঘাড় ও পায়ে কাটা ক্ষত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!