ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, একজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৩০ আগস্ট ২০২৪
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন, একজনের মৃত্যু
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আগুনে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত শ্রমিকের নাম আজহারুল ইসলাম (৩১)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে।

পলাশ ফায়ার সার্ভিস জানায়, বিকেলে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণে চেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো চারটি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুনের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে প্রাণ ইন্ডাস্ট্রিযাল পার্কের ডাঙ্গা ইউনিটের নির্বাহী পরিচালক ফজলে রাব্বি বিপ্লব জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই সেকশনের অপারেটর আজহারুল ইসলাম মারা গেছেন। ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি বলেন, কারখানার যে অংশে আগুন লেগেছে সেখানে ওয়ান টাইম প্লেট এবং অন্যান্য প্লাস্টিকের পণ্য তৈরি হতো। কী কারণে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। এখনো পর্যন্ত নিহত হয়েছে এমন কোনো আলামত আমরা পাইনি। তবে লোকমুখে শুনতে পাচ্ছি একজন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!