নিহতরা হলেন- কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিসা আক্তার (১৩)। নিহত লামিসা কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুলের শিক্ষার্থী।
নিহত লিপির মামাতো ভাই আইন উদ্দিন পাভেল বলেন, লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলে পড়ত। প্রতিদিন লিপি আপা মেয়েকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার করে পৌঁছে দিয়ে আসতেন। আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসতেন। সোমবার সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। সে সময় সুগন্ধা নামে একটি দ্রুতগামী বাস দু’জনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে আপা মারা যান।
.png)
তিনি বলেন, ভাগনিকে হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা গেছে। লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিনদিন আগে একেবারে দেশে চলে এসেছেন। কীভাবে তিনি এই শোক সইবেন জানি না।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবহনের বিরুদ্ধে পরিবার মামলা করলে তা নেয়া হবে।