ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে গ্রেফতার হলেন জোড়া খুনের আসামি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ৬ সেপ্টেম্বর ২০২৪
যেভাবে গ্রেফতার হলেন জোড়া খুনের আসামি
গ্রেফতারকৃত আসামি কিবরিয়া হাওলাদার -ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি মো. কিবরিয়া হাওলাদারকে (৫০) সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-৮ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৯ এর পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত কিবরিয়া হাওলাদার বরিশাল জেলার উজিরপুর থানার আলামদী গ্রামের মৃত আছমত আলী হাওলাদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার চাচাতো ভাই সাগর হাওলাদারের মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বরিশালের পশ্চিম সাতলা ২ নম্বর ওয়ার্ডে ফিরছিলেন।

Advertisement

সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে গেলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারকে কুপিয়ে পেট ও পায়ের রগ কেটে দেয়। মোটরসাইকেলচালক তার চাচাতো ভাই সাগর বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে আগৈলঝরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত আনুমানিক পৌনে ২টায় ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান। তার কয়েক ঘণ্টা পরে গুরুতর আহত সাগরও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে গত ২৬ আগস্ট বরিশালের উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩/২২৬/২৬-০৮-২০২৪।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!