স্বপ্নপুরের উদ্যোগে মুকসুদপুরে তিন হাজার তালবৃক্ষ রোপণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় স্বপ্নপুরের উদ্যোগে তিনটি রাস্তার দুইপাশে তিন হাজার ২শ’ তালবৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাস্তার সৌন্দর্য বর্ধন, বজ্র নিরোধে ভূমিকা এবং অর্থনৈতিক স্বাবলম্বীতায় তাল গাছের অপরিসীম উপকারিতার কথা চিন্তা করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এছাড়াও এই অনুষ্ঠানে পলিথিনের একক ব্যবহার রোধের উপায় এবং তাগিদ নিয়ে আলোচনা করা হয়। দৈনন্দিন বাজার করতে পলিব্যাগের পরিবর্তে কাপড়ের টেকসই ব্যাগ ব্যবহারের আহ্বান জানানোর পাশাপাশি উপস্থিত সবাইকে স্বপ্নপুরের পক্ষ থেকে কাপড়ের ব্যাগ উপহার প্রদান করা হয়।
স্বপ্নপুরের মুখপাত্র মাহমুদ সিমান তার স্বাগত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রেহাই পেতে বৃক্ষরোপণ যেমন অপরিহার্য ঠিক তেমনি পলিথিনের ব্যবহার কমানোর মাধ্যমেই আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারি।
.png)
অনুষ্ঠানে ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, বাটিকামারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, জয়নগর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, বাটিকামারী স্কুলের সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, বাটিকামারী স্কুলের শিক্ষক, খাইরুল বাকী শরীফ উপস্থিত থেকে পরিবেশ বিপর্যয়ের তথ্য নির্ভর কারণসমূহ এবং প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এছাড়াও পরিবেশ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
ঢাকা থেকে আগত স্বপ্নপুরের শুভাকাঙ্ক্ষী সাইদুল হাসান কল্লোল, বিকাশ চক্রবর্তী এবং ফজলে মুনিম শুভ্র তাদের বক্তব্যে পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বপ্নপুরের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বপ্নপুরের সদস্য মারুফ সর্দার, হাদীউজ্জামান হেলাল, এইচএম শিশির, ইমার হোসেন, রাফসান সর্দার, অমি কাজী, মামুন ফকির, আরিফুল নয়ন, শফিক, হাবিব, মো. নুর আলম এবং উজ্জ্বলসহ অন্যান্যদের অক্লান্ত চেষ্টায় আয়োজন সফলভাবে শেষ হয়।