চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চোর সন্দেহে আব্দুল জলিল নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল (৭৫) পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর মুন্সীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে আগে চুরির অভিযোগ থাকলেও বয়স বেড়ে যাওয়ায় তিনি চুরি ছেড়ে দিয়েছিলেন বলে জানা গেছে। কয়েক মাস ধরে তিনি কবিরাজি করতেন। শনিবার রাতে তিনি ফকিরটারি এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাকে বেঁধে মারধর শুরু করেন। পরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে তিনি রাতে কেন ওই গ্রামে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। কোনো পরিবার থেকে চুরি চেষ্টার অভিযোগও পাওয়া যায়নি।
ওসি রূপ কুমার সরকার বলেন, স্থানীয়রা আব্দুল জলিলের শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ও রক্ত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।