ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শামীমের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ১১ সেপ্টেম্বর ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল শামীমের
ছবি: প্রতীকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে।

Advertisement

নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু হেঁটে যাওয়ার সময় এলজিডি কার্যালয়ে সামনে বিলাশ নগর এলাকায় বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫-২০ জন শামীমের ওপর হামলা চালায়। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হলে শামীম মাটিতে পড়ে যান।

এরপর শামীমকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীমের বড় ভাই বাবলু জানান, ৭টার দিকে বাসা থেকে একা বের হয় শামীম। ১৫-২০ মিনিট পর তাকে মোবাইলে জানানো হয় আপনার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। সে এখন খানপুর হাসপাতালে আছে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শামীমকে মৃত ঘোষণা করে। 

তিনি আরো জানান, একটি মোবাইলকে কেন্দ্র করে তার ভাইকে নাসির গ্রুপের সন্ত্রাসী শুক্কুরসহ তার সহযোগীরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। শামীমের এক বন্ধুর মোবাইল ঘাতক চক্র ছিনতাই করে নিয়ে গিয়েছিল। এ নিয়ে বিচার-সালিশও হয়। এতে ক্ষিপ্ত ছিল ঘাতক চক্র। তার জেরেই ছোট ভাই শামীমকে হত্যা করা হয়। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!