ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ নিখোঁজ ৪

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২১, ১২ সেপ্টেম্বর ২০২৪
ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ভাই-বোনসহ নিখোঁজ ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে। বুধবার বিকেলে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ চার শিশু ওই ইউনিয়নের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)। তারা স্থানীয় চিকিৎসক মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে জুয়েল ৪র্থ শ্রেণি ও বাকি তিনজন ১ম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার স্কুল ছুটির পর পাঁচজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন তীরে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

আলাল উদ্দিন বলেন, আমি নিজেও পানিতে নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় অনুসন্ধান বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবরি দল আসার কথা।

বুধবার রাত ৯টার দিকে নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, রাত হওয়ার কারণে অনুসন্ধান বন্ধ রয়েছে। বৃহস্পতিবার আবারো চার শিশুকে উদ্ধার করতে স্থানীয় ডুবুরি চেষ্টা করবেন। 

কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় চার শিশু নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!