ব্রহ্মপুত্র নদে নিখোঁজ: ৩ জনের লাশ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে আরো দুইজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ নিয়ে তিনজনের লাশ উদ্ধার হলো। বাকি আরো একজন নিখোঁজ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে, গতকাল বুধবার বিকেলে গোসলে নেমে তারা নিখোঁজ হয়।
নিখোঁজ চার শিশু নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭), আহাদ আলীর দুই সন্তান আখি খাতুন (৯) ও আতিক হোসেন (৭)।
.png)
বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদের কুড়িগ্রামের চিলমারী থেকে আতিক হোসেনের লাশ উদ্ধার করে চিলমারীর স্থানীয় বাসীন্দারা। এরপর লাশ কচাকাটা থানার কাছে হস্তান্তর করা হয়। অপর দুই শিশু নাজমুল ও জুয়েল রানার লাশ ঘটনাস্থল থেকে অল্প দূরত্বের ভাটি এলাকা থেকে উদ্ধার করা হয়। এখনো আঁখি খাতুন নিখোঁজ রয়েছে।
মৃত জুয়েলের চাচাতো ভাই আলাল উদ্দিন জানান, বুধবার বিকেলে পাঁচজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। তাদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। তখনই খবর পেয়ে গ্রামের সবাই মিলে তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি, আমি নিজেও নেমে খুঁজেছি। রাত হয়ে যাওয়ায় তাদেরকে খোঁজা বন্ধ রাখা হয়।
কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় বলেন, এরইমধ্যে একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।