ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪
কক্সবাজার সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার
কক্সবাজার সদর হাসপাতাল। ছবি: ডেইলি বাংলাদেশ

আন্দোলন প্রত্যাহার করে চিকিৎসা সেবায় ফিরেছেন কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা। এক চিকিৎসককে মারধরের প্রতিবাদে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি  প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার অপরাধীদের গ্রেফতার ও ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন আন্দোলনকারী চিকিৎসকরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলন প্রত্যাহারের পর বিকেল তিনটা থেকে আগের মতো রোগী সেবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ তারেক।

তিনি বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, আরএমও এবং মেডিকেল অফিসারসহ সবার সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বৈঠক হয়। দীর্ঘ আলোচনা শেষে চিকিৎসক সজীব কাজীর ওপর হামলাকারীদের গ্রেফতার ও ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলে আমরা পাঁচ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছি।

Advertisement

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মং টিং ঞো বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুপুরে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো শোনেন।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, চিকিৎসককে মারধরের বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। পুরো ঘটনাটি শুনেছি। আমরা সরকারের উচ্চপর্যায়ে কথা বলে ডাক্তারদের চাহিদা পূরণ হয় এমন পদক্ষেপ নেয়া হবে।

কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঘটনাটি যোগদানের পর হয়েছে। আমরা মামলার জন্য অপেক্ষা করিনি। হামলাকারী দুজনকে আটক করেছি। বাকিদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিম নামে এক রোগী। রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে দাবি করে সিসিইউতে ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীব কাজীকে মারতে মারতে চারতলা থেকে নিচে নামিয়ে আনেন। চিকিৎসকের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে রাত ১টা থেকেই জরুরি বিভাগসহ পুরো হাসপাতাল কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!