ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ত্বকী হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ত্বকী হত্যা মামলায় আরো এক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ইয়ার মোহাম্মদ পারভেজ -ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে আলি হোসেনের ছেলে ইয়ার মোহাম্মদ পারভেজকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আসামি পারভেজকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরে র‌্যাব-১১ ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্বকী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে আরো চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার চারজনই নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে র‍্যাব জানিয়েছে। তাদের মধ্যে জামশেদ শেখ আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক।

গ্রেফতারকৃতদের মধ্যে আসামি কাজল হাওলাদার ত্বকী হত্যার ঘটনায় গত রোববার (১৫ সেপ্টেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালতের নির্দেশে ওইদিনই তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামি সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও জামশেদ শেখ জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী। ঘটনার দুইদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

শুরুতে থানা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার হস্তান্তর করা হয় র‌্যাব-১১ কে। পরে র‌্যাবের তদন্তে ত্বকী হত্যায় নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান এবং তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!