ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় এক দফা দাবিতে নার্সদের অবস্থান কর্মসূচি

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২২ সেপ্টেম্বর ২০২৪
ভোলায় এক দফা দাবিতে নার্সদের অবস্থান কর্মসূচি
এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছেন নার্সরা -ছবি: সংগৃহীত

ভোলায় নার্সিং অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে ভোলা সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলে ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা তাদের ন্যায্য এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারী নার্সরা জানান, আগে এই দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে।

Advertisement

সহকারী জেলা পাবলিক হেলথ নার্স নাসিমা আক্তার জানিয়েছেন, এই আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিশেষ করে নার্সদের অভাবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে, যা দেশের সার্বিক স্বাস্থ্যখাতের জন্য বড় ধরনের বিপর্যয় বয়ে আনতে পারে। আমাদের দ্বিতীয় গ্রেড দেওয়ার কথা রয়েছে। কিন্তু ১০ম গ্রেড থেকেই চাকরি থেকে অবসর নিতে হয়। বছরের পর বছর এ বৈষম্য চলে আসছে।

ভোলা জেলা শাখার নার্সিং ইন্সট্রাক্টর মো. আফজাল হোসেন বলেন, একটাই দাবি। নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!