ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান হোসেন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৪
নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন কাজী ইমরান হোসেন
কাজী ইমরান হোসেন (হিরো) -ছবি: সংগৃহীত

নড়াইল জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী ইমরান হোসেন (হিরো)। তিনি উপজেলার ৬১নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে, তিনি লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ওইদিন যাচাই-বাছাই হলেও বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের যাচাই-বাছাইয়ে লোহাগড়া উপজেলার ৬১নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল ইসলামের বড় সন্তান। পৈত্রিক ভিটা বয়রা হলেও বর্তমানে তারা পরিবারসহ বসবাস করেন উপজেলার দিঘলিয়া গ্রামে।

Advertisement

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে প্রথম যোগদান করেন ২০১৪ সালে। ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসিতে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এছাড়া ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন।

জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ৬১নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম জানান, কাজী ইমরান হোসেন (হিরো) আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে সারোল স্কুলের সহকারী শিক্ষকেরা অভিনন্দন জানিয়েছেন।

প্রধান শিক্ষক আরো বলেন, আমরা আশা করছি খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরো একটি আনন্দের সংবাদ এনে দেবেন কাজী ইমরান হোসেন। তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

কাজী ইমরান হোসেন বলেন, এই কৃতিত্ব শুধু আমার একার নয়, এই স্কুলের প্রধান শিক্ষকসহ আমার সকল সহকারী শিক্ষকের।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!