ফাঁকা বসতঘরে হানা দিয়ে টাকা-স্বর্ণালঙ্কার লুট
ভোলার লালমোহনে ফাঁকা বসতঘরে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের চেকবই নিয়ে গেছে চোরচক্র। রোববার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার ব্যবসায়ী মো. মাইন উদ্দিনের বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মাইন উদ্দিন জানান, নিজের অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে ঢাকায় গিয়েছিলাম। যে কারণে আমার স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। এ সময় বসতঘরটি ফাঁকা পড়ে ছিল। বসতঘরে আমার ব্যবসায়িক ৯ লাখ টাকা, স্ত্রীর ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ব্যাংকের চেকবই ছিল।
রোববার রাতের কোনো একসময় চোরচক্র ঘরের ভেন্টিলেটর ভেঙে এসব টাকা, স্বর্ণালঙ্কার এবং চেকবইগুলো নিয়ে যায়।সোমবার সকালে আমার ছেলেমেয়ে তাদের নানা বাড়ি থেকে স্কুলে আসে। বিরতির সময় তারা স্কুল থেকে গিয়ে ঘরে প্রবেশ করে দেখে ভেতরের সব মালপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপর তারা বিষয়টি সবাইকে জানায়। পরে আমার স্ত্রী ঘরে গিয়ে খুঁজে দেখেন ঘরের সব টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের চেক বইগুলো নেই।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।