আহত ওমর ফারুক (১৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
আহতের স্বজন ও স্থানীয়দের বরাতে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, মঙ্গলবার সকালে টেকনাফের নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সীমান্ত দিয়ে ওমর ফারুকসহ স্থানীয় দুই যুবক মিয়ানমারের লালচর এলাকায় আনারগুলা নামে এক ধরনের খাদ্যফল আনতে যান। একপর্যায়ে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওমর ফারুক গুরুতর আহত হন।
.png)
স্থানীয় ওই ইউপি চেয়ারম্যান আরো বলেন, মাইন বিস্ফোরণে ওমর ফারুকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্নের পাশাপাশি বাম পায়েও আঘাতপ্রাপ্ত হয়েছে। ওমর ফারুকের সঙ্গে থাকা অপর বাংলাদেশি যুবক তাকে উদ্ধার করে হোয়াইক্যং এলাকায় নিয়ে আসেন। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি খবরটি শুনেছেন। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।