ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্য কারো সঙ্গে সম্পর্কের সন্দেহে প্রেমিকাকে খুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৫ অক্টোবর ২০২৪
অন্য কারো সঙ্গে সম্পর্কের সন্দেহে প্রেমিকাকে খুন
ছবিতে গ্রেফতারকৃত তারেক

অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে- এমন সন্দেহে প্রেমিকার সঙ্গে ঝগড়া। এরপর ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন। চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পোশাকশ্রমিক মরিয়ম আক্তার সামিরা খুনের ঘটনায় প্রেমিক মোহাম্মদ তারেককে গ্রেফতারের পর এমনটি জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের এডিসি (মিডিয়া) কাজী মোহাম্মদ তারেক আজিজ।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকা থেকে তারেককে গ্রেফতার করা হয়।

Advertisement

শুক্রবার রাত ৯টার দিকে পাঁচলাইশ থানার হাদুমাঝির পাড়া মুছা বিল্ডিংয়ের সামনে উপর্যুপুরি ছুরিকাঘাতে খুন হন সামিরা। তিনি আতুরার ডিপো এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, তারেক রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি সামিরা ও তার সঙ্গে প্রেমের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়। শুক্রবার রাতে ফোন করে দেখা করার কথা বলে সামিরাকে ডেকে নেন তারেক। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে একটি ছুরি কেনেন তারেক। দেখা করার পর দুজনের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা হয়। সামিরার অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে- এমন সন্দেহে ঝগড়ার একপর্যায়ে তারেক তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান।

এডিসি বলেন, ঘটনার পর রাত ৩টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার আহমদুল হকের কলোনি থেকে তারেককে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সামিরার ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেছেন। তারেকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!