ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে নার্সদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ৯ অক্টোবর ২০২৪
নড়াইলে নার্সদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

এক দফা দাবিতে নড়াইলে নার্সদের কর্মবিরতি দুর্ভোগে পড়েছে রোগীরা। সেবাবঞ্চিত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আবার অনেকে হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ছুটছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসকরা চিকিৎসাসেবা দিলেও হাসপাতালের বিছানায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে রোগীরা। অবশ্য কর্মবিরতি থাকা নার্সরা দাবি করছেন, জরুরি পরিসেবার জন্য ১০ জন নার্স দায়িত্ব পালন করছে।

সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু নার্সরা কর্মবিরতি পালন করায় বিনা চিকিৎসায় পড়ে আছে। জরুরি বিভাগ থেকে ডাক্তার দেখানোর পর বেডে দিয়েছে। কিন্তু নার্সরা কর্মবিরতি পালন করায় কোনো চিকিৎসা শুরু হয়নি। অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমি মনে করি নার্সদের যদি ন্যায্য দাবি হয় তা পূরণ করে দ্রুত তাদের কাজে ফিরিয়ে আনা দরকার।

মাগুরা জেলার নহাটা গ্রামের সোহেল রানা বলেন, আমি হাত ভেঙে যাওয়ায় নড়াইল সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছি। কিন্তু নার্সরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করায় ইনজেকশন বা অন্যান্য চিকিৎসা পাচ্ছি না। যার কারণে কষ্ট বেশি হচ্ছে। 

Advertisement

সদর উপজেলার শরসপুর গ্রামের নিত্য বিশ্বাস বলেন, গত চারদিন যাবত হাসপাতালে ভর্তি আছি। আমাদের সিজারের রোগীর অবস্থা বেশ খারাপ। কিন্তু নার্সরা বাইরে গিয়ে বসে থাকায় আমরা কোনো সেবা পাচ্ছি না। নার্সরা তাদের দাবি নিয়ে ব্যস্ত। অথচ অনেক রোগী অসুস্থ হয়ে পড়ছে। আবার অনেকেই সেবা না পেয়ে অন্যত্র চলে যাচ্ছে। 

জানা গেছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সব ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজনে বুধবার নড়াইল সদর হাসপাতাল চত্বরে কর্মবিরতি পালনকালে তাদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন সংস্কার পরিষদ নড়াইল জেলা শাখার আহ্বায়ক শাহিনুর খাতুন, সংস্কার কমিটির সদস্য পলি কুন্ডু ও মুজিদা খানম ও সিনিয়র স্টাফ নার্স বিউটি পারভীনসহ অনেকে। 

এর আগে, গত ১ অক্টোবর থেকে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করে। কয়েকদিন আন্দোলন স্থাগিত থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। দাবি মেনে নেয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও বক্তারা জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!