পূজামণ্ডপের জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মারামারি
পাবনার চাটমোহর উপজেলায় দুর্গা মন্দিরের জমির মালিকানা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আমজাদ হোসেন ও তার পক্ষে কিছু স্থানীয় মুসলিমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সিদ্দিনগরে এ ঘটনা ঘটে।
জানা যায়, জমিটির মালিকানা নিয়ে আমজাদ হোসেন ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে আদালতে একটি মামলা চলমান রয়েছে। গত ১৫-২০ দিন আগে ইউএনও ও পুলিশ প্রশাসন ওই জমিতে গিয়ে আমজাদ হোসেনের দেওয়া বেষ্টনী সরিয়ে দেন। এ সময় জমিতে কোনো প্রকার পূজা না করার জন্য এবং স্থায়ী সমাধান না হওয়ার পূর্ব পর্যন্ত বিবাদে না জড়ানোর জন্য দুই পক্ষকে নির্দেশ দেন।
.png)
কিন্তু নির্দেশনা অমান্য করে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের অষ্টমী উদযাপনের জন্য ওই জমিতে প্রতিমা স্থাপন করতে যায়। এ নিয়ে আমজাদ হোসেন ও তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও ইউএনও ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন এবং হিন্দু সম্প্রদায়কে ওই জমিতে পূজা স্থগিত করার জন্য নির্দেশ দেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে দুই পক্ষকে থানায় আনা হয়েছে।