নাটোরে মদপানে মামা-ভাগনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে প্রতিমা বিসর্জনের পর অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি রয়েছেন আবির পাল (২৩) ও শান্ত দাস (২৪) নামে আরো দুজন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
নিহত চৈতন্য সরকার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপড়া এলাকার গণেশ সরকারের ছেলে। তিনি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ও কিরণ হালদার একই এলাকার সুকুমার হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জনের দিন চৈতন্য, কিরণ, আবির ও শান্ত নৌকায় ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে চৈতন্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই চৈতন্যের মৃত্যু হয়। পরে দুপুরে তার মরদেহ দাহ করার পর অসুস্থ হয়ে পড়েন তার আপন মামা কিরণ হালদারও। কিরণকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে সন্ধ্যার সময় তারও মৃত্যু হয়। দুজনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর কোনো ঘটনার অভিযোগ থানায় আসেনি। এলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।