মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌপুলিশ। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর ইউএনও শাখাওয়াত জামিল সৈকত।
টাস্কফোর্স থেকে জানানো হয়, বুধবার (১৬ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত মা ইলিশের প্রজনন রক্ষায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৬ জেলেকে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৬ জেলের মধ্যে ১৭ জনকে ১ মাস করে কারাদণ্ড এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৯ জেলেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও শাখাওয়াত জামিল সৈকত বলেন, গত ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় ২৬ জেলেকে আলামতসহ আটক করা হয়। এরমধ্যে ১৭ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জন অপ্রাপ্ত হওয়ায় তাদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং অবৈধ কারেন্ট জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য, ইলিশের প্রজনন নিরাপদ করতে ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন করা যাবে না। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।