ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নবজাতককে চুরি করে বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২০ অক্টোবর ২০২৪
ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নবজাতককে চুরি করে বিক্রির অভিযোগ
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ডায়গস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে নবজাতক চুরি করে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নবজাতকের মা আকলিমা বেগম রাজিয়া বাদী হয়ে রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, গত ১৪ অক্টোবর সোমবার দুপুর দেড়টার দিকে ওই ক্লিনিকে ছেলে নবজাতক জন্ম দেন মা আকলিমা বেগম। এরপর ওই বাচ্চাটি আয়ার মাধ্যমে ক্লিনিক কর্তৃপক্ষ মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করেন দেয়। এ ঘটনায় সালমা বেগম নামের একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা রাজিয়া। দৌলদিয়ায় বসবাস করার সুবাদে ওই এলাকার লক্ষী নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে লক্ষীর সঙ্গে রাজিয়ার সু-সম্পর্ক গড়ে উঠে।

রাজিয়ার গর্ভের সন্তান আসার পর থেকে তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। তার গর্ভের সন্তানের ভরণপোষণ দেবে না বলে হুমকি দেন স্বামী মিজান। এ বিষয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করা হয়। রাজিয়ার বাচ্চা হওয়ার সময় হলে তার শারীরিক সমস্যা সৃষ্টি হয়। গত ৩ অক্টোবর লক্ষী তাকে ফরিদপুর হাসপাতালে চিকিৎসা করানোর কথা বলে বাসা থেকে নিয়ে আসেন। পরে রাজিয়াকে অজ্ঞাত ব্যক্তির কাছে রেখে আত্মগোপনে চলে যান লক্ষী।

ওই অজ্ঞাত ব্যক্তি তাকে পরেরদিন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়গস্টিক ও ক্লিনিকে ভর্তি করেন। পরে ১২ দিন আটকে রাখার পর গত ১৪ অক্টোবর সোমবার দুপুর দেড়টার দিকে ওই ক্লিনিকে তাকে জোরপূর্বক সিজার করানো হয়। সিজারে তার ছেলে সন্তান জন্ম হয়। তার জ্ঞান ফেরার পর ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জানিয়েছে তার সন্তান অসুস্থ। নবজাতকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে সময় পার করতে থাকে। এক পর্যায়ে তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বাচ্চা বিক্রি করে দিয়েছি বলে জানায় ক্লিনিক কর্তৃপক্ষ। এমন খবরে নবজাতকের মা বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মডার্ন ডায়গস্টিক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম রয়েছে। সরকারি হাসপাতাল থেকে জোরপূর্বক রোগীদের এই ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সিজার করানো হয়। এর আগেও এ ক্লিনিকের বিরুদ্ধে বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ রয়েছে।

নবজাতকের মা রাজিয়া আক্তার জানান, প্রতারণার মাধ্যমে তাকে এখানে আনা হয়েছে। তাকে জোরপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষ সিজার করিয়ে বাচ্চা বিক্রি করে দেয়। তার বাচ্চাকে ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মডার্ন ডায়গস্টিক ও ক্লিনিকের পরিচালক মো. শহীদ মিয়া বলেন, বাচ্চাটি আয়া চুক্তি করে নিয়েছেন। তবে তিনি চুক্তির মাধ্যমে আয়াকে তারা দিতে পারেন কিনা প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বাচ্চা চুরি করে বিক্রির অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!