মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দিঘিতে জাল ফেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছফিউল্লাহ শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ছফিউল্লাহ ওরফে ছবুর বিরুদ্ধে একটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় গ্রেফতার এড়াতে তিনি শাহরাস্তি মাজারের দিঘিতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও তিনি পানির গভীরে তলিয়ে যায়। একপর্যায়ে এলাকার লোকজন দিঘিতে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।
.png)
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, তারা বিকেলে স্থানীয় একটি বিষয় নিয়ে এলাকার লোকজনের সঙ্গে নিহত ছফিউল্লাহসহ একটি বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওই সময় তিনি পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাহকে উদ্ধারে চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।