ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ২৩ অক্টোবর ২০২৪
ডুয়েট শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসকদের অবহেলার অভিযোগ
ডুয়েট ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন -ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাধারণ শিক্ষার্থীরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আল-আমিন সরদারের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছেন।

গত ২১ অক্টোবর আল-আমিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং শিক্ষার্থীরা দাবি করেন, চিকিৎসকদের অবহেলা তার মৃত্যুর মূল কারণ।

বুধবার দুপুরে মানববন্ধনটি ডুয়েট ক্যাম্পাসের সামনের সড়কে আয়োজন করা হয়। সেখানে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Advertisement

মানববন্ধনে মো. হালিম, মো. সাইফুল ইসলাম, মো. মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, চিকিৎসকদের সঠিক ও সময়মতো চিকিৎসার অভাবেই আমাদের সহপাঠীকে হারাতে হলো। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।

শিক্ষার্থীরা আরো বলেন, আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় সহপাঠী আল-আমিনের অকালমৃত্যুতে শোক প্রকাশ করতে এবং তার জন্য ন্যায়বিচার দাবি করতে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, ডেঙ্গু আক্রান্ত একজন শিক্ষার্থীর সঠিক ও সময়মতো চিকিৎসার অভাবেই তার জীবন ঝরে গেল। চিকিৎসকদের অবহেলা এবং হাসপাতালের অব্যবস্থাপনা এ মৃত্যুতে মূল ভূমিকা পালন করেছে। আমরা এ ধরনের ঘটনা আর দেখতে চাই না।

তারা বলেন, আমরা লক্ষ্য করছি, ডেঙ্গু রোগীদের প্রতি হাসপাতালের উদাসীনতা প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটি আর মেনে নেয়া যায় না। আল-আমিনের মৃত্যুর সঙ্গে জড়িত চিকিৎসকদের অবিলম্বে চিহ্নিত করে দায়ী করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, আমরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবি জানাই। প্রতিটি রোগীর জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, যেন আর কোনো রোগী সঠিক চিকিৎসার অভাবে মারা না যায়। আমাদের এ আন্দোলন শুধুমাত্র আল-আমিনের জন্য নয়, সব ডেঙ্গু রোগী এবং সাধারণ মানুষের জন্য।

উপস্থিত সবাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবি করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!