ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিহত সেই নারী শ্রমিকের পরিবার পেল ৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৪, ২৭ অক্টোবর ২০২৪
নিহত সেই নারী শ্রমিকের পরিবার পেল ৬ লাখ টাকা
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকাস্থ জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিক চম্পা খাতুন মারা গেছেন। রোববার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এদিকে, নিহতের পরিবারকে শ্রম মন্ত্রণালয় থেকে ২ লাখ, বিজিএমইএ থেকে ২ লাখ ৩১ হাজার ও মালিকপক্ষ থেকে ২ লাখ টাকা, অর্থাৎ সর্বমোট ৬ লাখ ৩১ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

নিহত চম্পা খাতুন রংপুরের পীরগঞ্জ থানার আমোদপুরের বিটুল মিয়ার স্ত্রী। তিনি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ফ্যাক্টরিতে জুনিয়র অপারেটর পদে কর্মরত ছিলেন।

এর আগে, গত ২৩ অক্টোবর জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ফ্যাক্টরির সামনে জড়ো হয়। পরবর্তীতে আশেপাশের ফ্যাক্টরির গেটে গোলযোগ সৃষ্টি হলে ৬টি ফ্যাক্টরি সেদিনের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ সময় জেনারেশন নেক্সট ফ্যাশনের কিছু শ্রমিক গোলযোগের উদ্দেশ্যে স্থানীয় বাংলাবাজারস্থ হামীম গ্রুপের ফ্যাক্টরি আর্টিস্টিক ডিজাইনের দিকে যেতে চাইলে দুপুর ১২টার দিকে পুলিশ তাদের বাধা দেয় এবং ৪ রাউন্ড টিয়ার গ্যাস ও ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড ফায়ার করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় জেনারেশন নেক্সট ফ্যাশনের ৪ জন শ্রমিক টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হন। এরমধ্যে ২ জন নারী শ্রমিক মোর্শেদা ও চম্পা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোর্শেদা সুস্থ হয়ে বাসায় ফিরলেও চম্পা খাতুন মারা যান।

এদিকে, গতকাল শিল্প পুলিশ-১ ও সেনা উপস্থিতিতে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের মালিক পক্ষ, শ্রমিক প্রতিনিধি, শিল্প পুলিশ, কলকারখানা অধিদফতর ও বিজিএমইএ প্রতিনিধি সমন্বয়ে শ্রমিকদের পাওনাদির বিষয়ে সমঝোতা হয়। আগামী ৫, ১৭ ও ২৮ নভেম্বর তিন ধাপে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আশুলিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!