ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পচা সুপারির বিষক্রিয়ায় প্রাণ গেল দুই ভাইয়ের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১ নভেম্বর ২০২৪
পচা সুপারির বিষক্রিয়ায় প্রাণ গেল দুই ভাইয়ের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে পচা সুপারির বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার পাইন্দং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে ঘটনাটি ঘটে।

মৃত দুজন হলেন- শফিউল আলম ও তার ছোট ভাই শহিদ উল্লাহ। অসুস্থ তিনজন হলেন- মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ শফি ও করিম।

Advertisement

জানা গেছে, দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসার সঙ্গে জড়িত শফিউলের পরিবার। বাড়ির ভেতর তৈরি করা ৭-৮ ফুটের একটি পাকা ট্যাংকে কাঁচা সুপারি বস্তা বেঁধে ঢুকিয়ে পচানো হয়। শুক্রবার সকালে ঐ ট্যাংকের পানি পরিবর্তনের জন্য নামলে পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। ট্যাংকটিতে সুপারি পচে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ জ্ঞান হারিয়ে ফেলেন আর কেউ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!