ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ইলিশের মেলায় বড় বড় পাঙাস

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬, ৫ নভেম্বর ২০২৪
মানিকগঞ্জে ইলিশের মেলায় বড় বড় পাঙাস
মানিকগঞ্জে ইলিশের মেলায় বড় বড় পাঙাস। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মাপাড়ে প্রতি বছর ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই শুরু হয় মাছের মেলা। তবে এবার কাঙ্ক্ষিত ইলিশের দেখা তেমন পাওয়া যাচ্ছে না বলে জানান জেলেরা। তার পরিবর্তে পদ্মায় বেশি ধরা পড়ছে পাঙাশ মাছ।

সোমবার বিকেলে জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর পদ্মাপাড়ে এই মেলায় জড়ো হয় মাছ বিক্রেতা ও ক্রেতারা।

মেলায় গিয়ে দেখা যায়, অল্প পরিমান ইলিশ নিয়ে অপেক্ষা করছেন বিক্রেতারা। আর অন্য জেলেরা নৌকা নিয়ে এসে কিছু কিছু ইলিশ নিয়ে হাজির হচ্ছেন। অনেকের অভিযোগ, এবার নদীতে মাছের পরিমাণ তুলনামূলক কম। তবে, মেলায় বিশাল আকৃতির দুইটি পাঙাশ মাছ নিয়ে বসেছিলেন কাঞ্চনপুর এলাকার জেলে পরিমল ও সুদীপ হালদার।

Advertisement

পরিমলের সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা পদ্মা-যমুনা থেকে বড় পাঙাশ এবং বাঘাইর মাছ সংগ্রহ করি এবং মেলায় বিক্রি করি। আজ পদ্মায় এক জেলের নৌকায় চারটি পাঙাশ পাওয়া গেছে। যার মধ্যে একটি সাড়ে ১৮ কেজি এবং আরেকটি ৮ কেজি ওজনের। বাকি দুইটি ছোট সাইজের।

সাড়ে ১৮ কেজির পাঙাশটি স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার ও লালচাঁন সাড়ে ১২ শত টাকা কেজি দরে কিনেছেন বলে জানান পরিমল। তবে, ৮ কেজির পাঙাশটি একটু কম দামে বিক্রি করেছেন।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে আমরা কঠোর অবস্থান নিয়েছিলাম। নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে কয়েকজনকে আটক করা হয় এবং আইনের আওতায় আনাও হয়।

তিনি আরো বলেন, ইলিশের মেলায় বড় পাঙাশ মাছ পাওয়া যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!